ইউজিসির অপর্যাপ্ত বরাদ্দ, হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র ৮০ লাখ টাকা বেশি বরাদ্দ দিয়েছে। অপ্রতুল বরাদ্দের কারণে বাজেটের ছয়টি খাতের চারটিতেই এবার বরাদ্দ কমেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, এবার চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায়নি। তবে ইউজিসি যে বাজেট বরাদ্দ দিয়েছে, তা নিয়ে সিন্ডিকেট ও অর্থ কমিটির যৌথ সভায় আলোচনা হবে।হিসাব নিয়ামক দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ১২৯ কোটি টাকা। কিন্তু চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় বাজেট ধরা হয়েছে ১১৪ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে ইউজিসি বরাদ্দ দিয়েছে ১০২ কোটি ৬০ লাখ টাকা। নিজস্ব অভ্যন্তরীণ আয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা।এবারের বাজেটে ইউজিসির কাছে বিশ্ববিদ্যালয়ের চাহিদা ছিল প্রায় ১১৮ কোটি টাকা। ইউজিসি গত বছর বরাদ্দ দিয়েছিল ১০১ কোটি ৮০ লাখ টাকা।এবারের বাজেটে বরাদ্দ কমা খাতগুলো হলো : পেনশন-ব্যয়, শিক্ষা আনুষঙ্গিক-ব্যয়, মেরামত-সংরক্ষণ ও পুনর্বাসন এবং মূলধন মঞ্জুরি খাত।ইউজিসি বাজেট বরাদ্দ ও ব্যয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৬টি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিক্রির মোট অর্থের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা রেখে বাকি ৬০ শতাংশ ভর্তি পরীক্ষাসংক্রান্ত কাজে খরচ করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক মু. আবদুল মোনায়েম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রণয়নে আমরা চাহিদা অনুযায়ী বরাদ্দ পাইনি। তাই বিভিন্ন খাতে বরাদ্দ দিতে হিমশিম খেতে হচ্ছে।’