পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল বুধবার বেলা একটায় সমিতির সভাপতি মো. আবু তাহের উপাচার্য মো. আলী আশরাফের কাছে ওই চিঠি হস্তান্তর করেন। শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে ওই তথ্য পাওয়া গেছে।
শিক্ষক সমিতির অন্তত তিনজন নেতা জানান, গত মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির সভাপতির সভাপতিত্বে সাধারণ সভা হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষক সমিতির সহসভাপতি মো. শামিমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আসাদুজ্জামান, কার্যকরী সদস্য জিয়া উদ্দিন, মঈনুল হাছান, মোহাম্মদ আইনুল হক প্রমুখ।
সভায় শিক্ষক সমিতির নেতারা বলেন, ইউজিসির প্রণীত নীতিমালাটি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয়েছে, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক, শিক্ষক সমাজের কল্যাণের পরিপন্থী এবং উচ্চশিক্ষার মানোন্নয়ন ও প্রসারের ক্ষেত্রে অন্তরায়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের গৃহীত সিদ্ধান্তগুলো ইউজিসির অভিন্ন নীতিমালায় যুক্ত করা হয়নি।
এ পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউজিসির প্রেরিত অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ওই নীতিমালা প্রত্যাহার করার দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি নিয়ে ইউজিসি একটি নীতিমালা পাঠায়। ইউজিসি যেসব নীতিমালা দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে করে ভোগান্তি বাড়বে, যা শিক্ষকদের গবেষণা কার্যক্রমসহ নানা ধরনের কর্মযজ্ঞ ব্যাহত করবে।
উপাচার্য আলী আশরাফ বলেন, ‘শিক্ষক সমিতির চিঠি পেয়েছি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে করণীয় ঠিক করব।’
ইউজিসির অভিন্ন নীতিমালায় আছে, একজন শিক্ষক শিক্ষা ছুটি পাবেন পাঁচ বছর। প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদোন্নতির ক্ষেত্রে চাকরির সময়সীমা বাড়ানো হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান থেকে কেউ শিক্ষকতা পেশায় এলে আগের চাকরির ৫০ শতাংশ যুক্ত করার কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া সাময়িকীতে লেখা প্রকাশ নিয়ে কঠোর নীতিমালা রয়েছে।