ইউজিসির কর্মকর্তা ঘুষের অভিযোগে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ইউজিসি গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি ১৯৮৫-এর ধারা ১১(১) অনুযায়ী ফেরদৌস জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এই অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে ইউজিসির সদস্য আতফুল হাই শিবলীকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
গত ৩০ জুন প্রকাশিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া পর্যন্ত লেনদেন হয়। এই প্রতিবেদন প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিষয়ে তথ্য চায়। জবাবে কুমিল্লায় অবস্থিত ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিতভাবে জানায়, ফেরদৌস জামানকে পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া হয়েছে।