ইউজিসির কাজের আওতা বাড়াতে নতুন আইন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাজের আওতা বাড়ানোর জন্য নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান ও অন্যান্য বিষয় তদারকের সুযোগ পাবে ইউজিসি।জাতীয় সংসদে গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। তিনি জানান, ইউজিসির ক্ষমতা কেবল বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ মঞ্জুরির মধ্যে সীমাবদ্ধ আছে। এটা বাড়ানো হবে। সরকার ইউজিসিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে।সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান উন্নত নয়। এরই মধ্যে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করেছে। সে অনুযায়ী যারা বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শর্ত পূরণ করতে পারবে না, তারা আগামী বছরের মার্চ থেকে আর কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয় থেকে দল পাঠানো হচ্ছে। মান রক্ষা ও তদারকির জন্য অ্যাক্রিডিটেশন কমিটি গঠন করা হয়েছে।নুরুল ইসলাম নাহিদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনের আওতায় আসতে হবে। এর বিকল্প নেই। দেশের শিক্ষার মান কমেনি, বেড়েছে। কিন্তু মানসম্মত পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব আছে।কলেজ পর্যায়ে শিক্ষকের অভাব: অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশে কলেজ পর্যায়ে শিক্ষকের অভাব আছে। শিক্ষক নিয়োগ দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। শিক্ষা মন্ত্রণালয় পিএসসিকে চাপ দিচ্ছে, দ্রুত আরও শিক্ষক নিয়োগ দিতে। কিন্তু পিএসসি সময় পাচ্ছে না। তিনি জানান, বর্তমান সরকারের আমলে প্রায় দুই হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এ বছর উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ৫ শতাংশ আসন বাড়ানো হবে। শাহিদা তারেকের লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৬ সালের পর পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।