শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গ্রেডিং পদ্ধতি অনুযায়ী ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। গতকাল শনিবার অনুষদের বিবিএর ১১তম ব্যাচের শিক্ষার্থীরা এ দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও ভাঙচুর করেন।উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। এরপর তিনি ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন আব্বাস আলী খানের সঙ্গে বৈঠকে বসেন। আব্বাস আলী খান প্রথম আলোকে জানান, ইউজিসি ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে নতুন গ্রেডিং পদ্ধতি চালু করে। এ কারণে ১১তম (২০০৪-০৫) ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল আগের পদ্ধতি অনুযায়ী দেওয়া হয়েছিল। এর ফলে চাকরি পেতে শিক্ষার্থীদের কিছু সমস্যা হচ্ছিল। তাঁদের এ সমস্যা সমাধান করা হবে। তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হতে পারে। এর আগে দুপুর ১২টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের প্রধান ফটক আটকে রেখে শতাধিক শিক্ষার্থী দাবি আদায়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অনুষদের ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন। শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, পুরোনো পদ্ধতি অনুসরণ করার কারণে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ নম্বর পেয়ে গ্রেড পয়েন্ট পান তিন দশমিক পাঁচ। কিন্তু একই নম্বর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ১১তম ব্যাচের শিক্ষার্থীরা গ্রেড পয়েন্ট পাচ্ছেন তিন দশমিক ৩৩। একইভাবে ৬০ নম্বর পেয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে গ্রেড পয়েন্ট তিন পাচ্ছেন, সেখানে তাঁরা পাচ্ছেন দুই দশমিক ৬৭।শিক্ষার্থীরা জানান, চাকরির বাজারে পুরোনো গ্রেডিং পদ্ধতির ফল কোনো কাজে আসছে না। সবাই নতুন পদ্ধতিতে পাস করা লোক চাইছে। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই ফল করে বেশি গ্রেড পয়েন্ট নিয়ে আসছেন। এ কারণে তাঁদের চাকরির সুযোগ হারাতে হচ্ছে। তাই তাঁরা এক বছর ধরে আন্দোলন করছিলেন।