নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামানের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটির ক্যাম্পাস পরিদর্শন স্থগিত করা হয়েছে।
কাল শনিবার ইউজিসি গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির সদস্যদের ক্যাম্পাস পরিদর্শনে আসার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটির সদস্যসচিব মোহাম্মদ জিয়াউর রহমানের পাঠানো ই-মেইলে তদন্ত কমিটির ক্যাম্পাস পরিদর্শন স্থগিতের বিষয়টি জানানো হয়।
ইউজিসির ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মো. মমিনুল হক।
ইউজিসি থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘ইউজিসি কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটির আগামী ২৩ এপ্রিল সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত উক্ত পরিদর্শন আপাতত স্থগিত করা হলো। পরিদর্শনের নতুন তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।’
প্রতিবাদ: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত প্রতিবাদপত্রে গত বুধবার প্রথম আলোয় প্রকাশিত ‘উপাচার্যের অনিয়ম ও দুর্নীতি তদন্তে ইউজিসির কমিটি’ শিরোনামে প্রকাশিত সংবাদটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির আলোকে করা হয়েছে। কী কী অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওই চিঠিতে তা উল্লেখ করা হয়েছে।