ইউজিসির নাম পরিবর্তনে রাষ্ট্রপতির সম্মতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশ অনুযায়ী কমিশনের নাম পরিবর্তনে সম্মতি জানিয়েছেন। গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সাক্ষাৎকালে তিনি এ নাম পরিবর্তনে সম্মতি দেন। বাসস।বৈঠকে এর আগে অধ্যাপক আজাদ উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে কমিশনের কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে রাষ্ট্রপতির কাছে ইউজিসির নাম পরিবর্তন করে ‘উচ্চশিক্ষা কমিশন’ (সিএইচই) রাখার সুপারিশ করেন। রাষ্ট্রপতি কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও টিউশন ফি কমিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন চেয়ারম্যানকে নির্দেশ দেন। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও টিউশন ফি অবশ্যই দেশের আর্থসামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্ধারণ করতে হবে।ইউজিসির প্রধান এ কে আজাদ চৌধুরী রাষ্ট্রপতিকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কিছু ত্রুটিবিচ্যুতি তিনি শনাক্ত করেছেন। এসব সমস্যা দূরীকরণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।