ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ
ইউজিসির শর্ত ভঙ্গ করে শিক্ষক নিয়োগের চেষ্টার অভিযোগ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শর্ত ভঙ্গ করে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী কোনো বিভাগে শিক্ষক নিয়োগ দিতে হলে বিভাগীয় প্ল্যানিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্ল্যানিং কমিটির বৈঠকে বিষয়টি অনুমোদন পাওয়ার পরই তা উপাচার্যের সম্মতির জন্য পাঠাতে হবে। উপাচার্য অনুমোদন দিলে বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। এরপর নিয়োগ কমিটি আবেদনকারীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেবে। এতে উত্তীর্ণ ব্যক্তিরা সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে অনুমোদন পাবেন।
প্রশাসন ও পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে করা আবেদনের পর ইউজিসি ওই বিভাগে শিক্ষকের দুটি পদ সৃষ্টিতে অনুমোদন দিয়েছে। ইউজিসি থেকে শর্ত রয়েছে, কেবল উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমেই ওই পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুটি পদের জন্য বিভাগ থেকে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রচার করা হয়নি। বিভাগের সভাপতি কামাল উদ্দিন গত বছর দেওয়া বিজ্ঞপ্তির অধীনে শিক্ষক নিয়োগের চেষ্টা করছেন।
পরিসংখ্যান বিভাগে শিক্ষা ছুটিতে যাওয়া শিক্ষকের পদের বিপরীতে একজনকে নিয়োগ দিতে গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছর ২১ অক্টোবর নিয়োগ কমিটি একজন শিক্ষক নিয়োগের জন্য মনোনয়ন দেয় এবং চারজনের একটি প্যানেল গঠন করে। মনোনীত ব্যক্তি যোগ না দিলে এ প্যানেল থেকেই মেধাক্রম অনুযায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন ইউজিসির শর্ত ভঙ্গ করে ওই প্যানেলের দুজনকে নিয়োগ দিতে জোর তৎপরতা চলছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ দিতে বিভাগের সভাপতি কেন জোর চেষ্টা চালাচ্ছেন, সে ব্যাপারে প্রশ্ন দেখা দিয়েছে। বিভাগের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেন হঠাৎ করে বিজ্ঞপ্তি ছাড়াই বিভাগের সভাপতি পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছেন, তা আমাদের বোধগম্য নয়। তবে সভাপতি ও একজন শিক্ষকের সঙ্গে ওই দুই প্রার্থীর আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই কানাঘুষা চলছে।’
জানতে চাইলে, কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুজন শিক্ষক নিয়োগ দিতে আমি উপাচার্যকে বলে আসছি। কিন্তু তিনি ইউজিসির শর্ত অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ দিতে বলেন।’ আর্থিক লেনদেনের অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
টাকা লেনদেনের ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করেও রাসেল কবির ও জহুরুল ইসলামের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘কামাল উদ্দিন কয়েকবার নিজে এবং বিভিন্ন মাধ্যমে দুজন শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আমার সম্মতি চেয়েছেন। আমি বলেছি, পূর্ববিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কোনো প্রার্থীকে বা প্যানেল থেকে নিয়োগের কোনো সুযোগ নেই।’