ইউজিসির সঙ্গে সমঝোতা ম্যাককুয়ারি ইউনিভার্সিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং ম্যাককুয়ারি ইউনিভার্সিটি অব সিডনির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রযুক্তি, প্রকৌশল, গণিত, বিজনেস স্টাডিজ, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের সব ক্ষেত্রে একাডেমিক, গবেষণা ও পরিচালনা সহায়তা কর্মসূচি এগিয়ে নিতেই সমঝোতা। ইউজিসির পক্ষে ইউজিসি সচিব মো. খালেদ এবং ম্যাককুয়ারি ইউনিভার্সিটির পক্ষেÿডেপুটি ভাইস চ্যান্সেলর টিম বেরেস ফোর্ড এতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, অনারারি কনসাল অব বাংলাদেশ ইন সিডনি অ্যানথোনি খৌরি ওম, ইউজিসির সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা প্রমুখ।
সমঝোতা স্মারকটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। এর আওতায় পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞ ও গবেষকেরা উল্লিখিত কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এ ছাড়া পাঠদান, শিখন ও মান নিশ্চয়তা, নেতৃত্ব সুসংহতকরণ, ই-গভর্নেন্স, প্রাতিষ্ঠানিক দক্ষতা তৈরিসহ বিভিন্ন বিষয়ে ম্যাককুয়ারি ইউনিভার্সিটি বাংলাদেশি শিক্ষাবিদ, ইউজিসি কর্মকর্তা ও শিক্ষা প্রশাসকদের পেশাগত প্রশিক্ষণ দেবে এবং বাংলাদেশের উচ্চশিক্ষা গবেষণা ও প্রকাশনার ওপর নিয়মিত সেমিনার, কর্মশালা ও অতিথি বক্তৃতার আয়োজন করবে। বিজ্ঞপ্তি।