ইউজিসির সাবেক চেয়ারম্যান জহুরুল হক আর নেই
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ টি এম জহুরুল হক আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নুরউদ্দিন আহমেদ, ইউজিসির সদস্য মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।
অধ্যাপক জহুরুল হক ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইউজিসির চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনেরও সভাপতি ছিলেন। এ ছাড়াও তিনি ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।