ইউটিউবের নতুন প্রধান নির্বাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুসান ওজস্কি
সুসান ওজস্কি

সুসান ওজস্কি। তাঁকে বলা হয় ‘বিজ্ঞাপনের কাজে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি’। তাঁর বাবা স্ট্যানলি ওজস্কি। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের জন্ম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের যে গ্যারেজে সে গ্যারেজের মালিক ছিলেন তিনি। বাবার পথ ধরে মেয়ে হেঁটেছেন। সুসানও দীর্ঘদিন গুগলে কাজ করছেন। সম্প্রতি তিনি গুগলের মালিকানাধীন ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন। এ পদে যোগ দেওয়ার আগে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

সুসানকে নতুন দায়িত্ব দেওয়ার বেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিজ্ঞাপন নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতাকে। এ ছাড়া তিনি গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মীদের একজন হিসেবেও পরিচিত।

সুসান ওজস্কির জন্ম ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায়। পুরো নাম সুসান ডি ওডস্কি। বাবা স্ট্যানলি ওজস্কি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক এবং মা এস্থার ওজস্কিও একজন শিক্ষাবিদ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে অর্থনীতি বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরবর্তী সময়ে ব্যবসায় প্রশাসন বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ) অর্জন করেন সুসান।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি বাড়তি আগ্রহ ছিল তাঁর।পড়াশোনা শেষে নিজেদের গ্যারেজে চালু হওয়া গুগলের সঙ্গে যুক্ত হয়ে যান সুসান। নিজেকে দক্ষ করে গড়ে তোলেন বিজ্ঞাপনের কাজে। সেরা সব কাজের জন্য পেয়েছেন একাধিক স্বীকৃতি। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস ২০১১ সালের সারা বিশ্বে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান করে নেন তিনি। ২০১২ ও ২০১৩ সালের তালিকায়ও ছিল তাঁর নাম। এ ছাড়া ফরচুন-এর সেরা ৫০ ব্যবসায়ী নারীর তালিকায় ২০১০ থেকে শুরু করে ২০১৩ সাল পর্যন্ত ছিলেন সুসান। সুসান গুগলের নির্বাহী ডেনিস ট্রপারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির চার সন্তান রয়েছে। নতুন দায়িত্ব পেয়ে ইউটিউবকে কীভাবে আরও সহজ এবং ব্যবহার উপযোগী করা যায় সে বিষয়ে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ফোর্বস