ইউনাইটেড এয়ারের এমডি দুদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিকবার সময় নিয়ে অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসবিরুল আহমেদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
উড়োজাহাজ ক্রয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে এর আগে একাধিকবার তলব করা হলেও তাসবিরুল হাজির হননি।
দুদক সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারদর থেকে বেশি দামে উড়োজাহাজ কেনার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তাসবিরুলের বিরুদ্ধে। ২০ বছরের পুরোনো উড়োজাহাজ আন্তর্জাতিক বাজারদর থেকে অনেক বেশি দাম দেখিয়ে কিনে শেয়ারবাজার থেকে ৪১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক। জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযোগটি অনুসন্ধান করছে।
সূত্রটি জানায়, দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কেনাকাটার নিয়ম থাকলেও ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ দরপত্র ছাড়াই শুধু পরিচালনা পর্ষদের একক সিদ্ধান্তে উড়োজাহাজ কিনেছে। নয়টি উড়োজাহাজ কেনার ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও দেখা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই সময়ে কেনা একই মডেলের উড়োজাহাজ কেনা হয়েছে ভিন্ন ভিন্ন দামে। এমডি-৮৩ মডেলের তিনটি উড়োজাহাজ কেনার ক্ষেত্রে দাম দেখানো হয় যথাক্রমে ৭৬ লাখ ডলার, ৭৬ লাখ ২০ হাজার ডলার ও ৮৮ লাখ ২৪ হাজার ৫৮০ ডলার।