ইউনাইটেড এয়ারের ছয় কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদিপ্রবাসী এক যাত্রীর ব্যাগ থেকে নয় হাজার সৌদি রিয়াল ও ২০ ভরি  স্বর্ণালংকার চুরির অভিযোগে ইউনাইটেড এয়ারওয়েজের ছয়জন কর্মীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দরের আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইউনাইটেড এয়ারওয়েজের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মচারী ও নিরাপত্তাকর্মী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এপিবিএনের কর্মকর্তারা জানান, গত শুক্রবার দুপুরে সৌদি আরব থেকে ঢাকায় আসার পর পারভীন আক্তার নামের এক যাত্রী বিমানের ভেতরে হাত ব্যাগ ফেলে আসেন। পরে তিনি বিষয়টি এয়ারওয়েজ কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাগটি উদ্ধারের পারভীন আক্তার ব্যাগটি খুলে দেখেন, তাতে রাখা নয় হাজার রিয়াল ও প্রায় ২০ ভরি স্বর্ণালংকার নেই। তিনি বিষয়টি এপিবিএনকে জানান। 

অভিযোগ পাওয়ার পর এপিবিএনের কর্মকর্তারা ইউনাইটেড এয়ারের ছয়জন কর্মী কামরুল হাসান, আবদুল লতিফ হাসান, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, হুমায়ুন কবির ও রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন। এ সময় কামরুলের কাছ থেকে তিন হাজার ৯২০ সৌদি রিয়াল, একটি সোনার হার ও একটি আংটি, আবদুল লতিফ হাসানের কাছ থেকে তিন হাজার ৪০০ সৌদি রিয়াল, হুমায়ুন কবির ও রবিউল ইসলামের কাছ থেকে দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়।