ইউনাইটেড এয়ারের প্রধান তাসবিরুলকে দুদকে তলব
উড়োজাহাজ ক্রয়ে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর পাঠানো তলবি নোটিশে তাঁকে ৮ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারদর থেকে বেশি দামে উড়োজাহাজ কেনার মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে তাসবিরুলের বিরুদ্ধে। অনিয়মের মাধ্যমে আন্তর্জাতিক দর থেকে অনেক বেশি দামে ২০ বছরের পুরোনো উড়োজাহাজ কিনে শেয়ারবাজার থেকে ৪১৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
দুদক সূত্রটি আরও জানায়, দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে কেনাকাটার নিয়ম থাকলেও ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ দরপত্র ছাড়াই শুধু পরিচালনা পর্ষদের একক সিদ্ধান্তে উড়োজাহাজ কিনেছে। নয়টি উড়োজাহাজ কেনার ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও দেখা হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া একই সময়ে কেনা একই মডেলের উড়োজাহাজ কেনা হয়েছে ভিন্ন ভিন্ন দামে। এমডি-৮৩ মডেলের তিনটি উড়োজাহাজ কেনার ক্ষেত্রে দাম দেখানো হয় যথাক্রমে ৭৬ লাখ ডলার, ৭৬ লাখ ২০ হাজার ডলার এবং ৮৮ লাখ ২৪ হাজার ৫৮০ ডলার।
পরিচালনা পর্ষদের চাপের মুখে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগ করেন। পরিচালন ব্যয় জোগান দিতে না পারায় বিমান সংস্থাটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথের সব বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। দুই দিন পরে ক্যাপ্টেন তাসবিরুলকে আবার স্বপদে ফিরিয়ে এনে সংকট নিরসন করা হয়।
জনতা ব্যাংকের সাবেক ১১ কর্মকর্তাকে তলব: বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে জনতা ব্যাংকের সাবেক ১১ কর্মকর্তাকে তলব করেছে দুদক।
গতকাল বৃহস্পতিবার উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের তলব করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ পাঠান। তাঁদের ৫ ও ৮ ফেব্রুয়ারি দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, আনন্দ শিপইয়ার্ডকে জনতা ব্যাংকের স্থানীয় শাখা থেকে ২৩৮ কোটি ৮ লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির এসব কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়দায়িত্ব ছিল। এ কারণে বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়েছে।