ইউনাইটেড এয়ারের মাস্কাট ফ্লাইট জরুরি অবতরণ ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট গত রাতে ভারতের ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। 
ঢাকায় ইউনাইটেড এয়ারের কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ১৬৭ জন যাত্রী নিয়ে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারের ফ্লাইটটি ঢাকা ছাড়ে। দেড় ঘণ্টার মতো উড্ডয়নের পর ভারতের স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে আটটার দিকে এমডি-৮৩ উড়োজাহাজটি ভারতের রায়পুরে জরুরি অবতরণ করে।
ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় ফ্লাইটটি জরুরি অবতরণ করা হয়।
তবে এ বিষয়ে ইউনাইটেড এয়ারের মুখপাত্র ও বিমান সংস্থাটির উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতের আকাশে যাওয়ার পর ইঞ্জিনে পাখি ঢুকেছে (বার্ড হিট) বলে পাইলটের মনে হয়েছে। এরপর নিয়ম অনুযায়ী, নিকটস্থ বিমানবন্দর রায়পুরে ফ্লাইটটি অবতরণ করেন। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন। তিনি বলেন, ঢাকা থেকে প্রকৌশলী পাঠানো হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে প্রকৃত সমস্যাটা কী ছিল।