ইউনাইটেড এয়ারের ফ্লাইট বন্ধের প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত
ইউনাইটেড এয়ারওয়েজের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) নবায়ন না করার ব্যাপারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের সিদ্ধান্ত এক মাস স্থগিত করেছেন হাইকোর্ট। হালনাগাদ এওসি ছাড়া কোনো বিমান সংস্থার পক্ষে ফ্লাইট পরিচালনা সম্ভব নয়।
গতকাল রোববার ছিল দেশীয় বেসরকারি খাতের এই বিমান সংস্থাটির এওসির সর্বশেষ মেয়াদ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত ২৬ জুন ইউনাইটেড এয়ারওয়েজকে দেওয়া এক চিঠিতে জানায়, ২৯ জুনের মধ্যে বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হলে বিমান সংস্থাটির কার্যক্রম পরিচালনা স্থগিত করা ছাড়া উপায় থাকবে না। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক তাসবীরুল আহমেদ চৌধুরী গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন।
এ বিষয়ে শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ইউনাইটেড এয়ারওয়েজের কার্যক্রম স্থগিতের প্রক্রিয়া-সংক্রান্ত চিঠির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সিভিল এভিয়েশনের ওই চিঠিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দেন বলে রিট আবেদনকারীর আইনজীবীরা জানান।
ইউনাইটেডের পক্ষে আইনজীবী এ এম আমিনউদ্দিন ও রাগিব রউফ চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইশরাত জাহান শুনানি করেন।
সিভিল এভিয়েশন সূত্র জানায়, চলতি বছরের ৩১ মে পর্যন্ত ইউনাইটেড এয়ারের কাছে ৮৪ কোটি ১৯ লাখ টাকা পাওনা রয়েছে। এ বকেয়া আদায়ের জন্য কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ গত ৬ এপ্রিল শর্তসাপেক্ষে ২৯ জুন পর্যন্ত ইউনাইটেড এয়ারের এওসি নবায়ন করা হয়।
ইউনাইটেড এয়ারের উপমহাব্যবস্থাপক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত ৬ এপ্রিল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ইউনাইটেডকে ২৯ জুনের মধ্যে তিন কিস্তিতে পাঁচ কোটি টাকা পরিশোধ এবং বাকি পাওনা পরিশোধের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা জমা দিতে হবে। সে অনুযায়ী, ৬ এপ্রিল এক কোটি, ১৫ মে দুই কোটি ও ১৫ জুন দুই কোটি টাকা দেওয়া হয়। বাকি পাওনা পরিশোধের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাও জমা দেওয়া হয় দুই মাস আগে।
তবে ইউনাইটেড এয়ারের আইনজীবী রাগিব রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউনাইটেড বিভিন্ন চার্জ বাবদ এর আগে ২০ কোটি টাকা দিয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও ৪৩ কোটি টাকা দাবি করেছে এবং এ টাকা না দেওয়ায় আরও ৪০ কোটি টাকা সারচার্জ ধার্য করেছে। এ সারচার্জ মওকুফের জন্য ইউনাইটেড এয়ার দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে আসছে। এরই মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার চিঠি দেয়। এরপর দুদিন সরকারি ছুটির শেষে গতকাল ছিল সপ্তাহের প্রথম কর্মদিবস। এটা বিমান সংস্থাটির সুনাম ক্ষুণ্ন করার জন্য অসৎ উদ্দেশ্যপ্রণোদিতভাবে চিঠি দেওয়া হয়েছে বলে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ আদালতকে জানিয়েছে।