ইউনাইটেড হাসপাতালে বিরল অস্ত্রোপচার
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্প্রতি র্যাডিক্যাল সিস্টোপ্রোসটেটেকটমি উইথ অর্থোটপিক নিউব্লাডার রিকনস্ট্রাকশন সার্জারি সম্পন্ন হয়েছে। ইউনাইটেড হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এম এ জুলকিফল ও তাঁর দল বিরল এ সার্জারি সম্পন্ন করে।
৬০ বছর বয়সী এক পুরুষ রোগীর প্রায় এক মাস আগে ব্লাডার ক্যানসার বা মূত্রাশয়ের ক্যানসার ধরা পড়ে। এ ছাড়া ওই রোগীর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং একবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। তাঁর হার্টে একটি রিং লাগানো আছে।
প্রথমে অন্য একটি হাসপাতালে রোগীর মূত্রাশয়ের ক্যানসারটি টিইউআরবিটি (TURBT) নামে একটা অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়। পরে রোগী ইউনাইটেড হাসপাতালে জুলকিফলের পরামর্শ নিতে এলে দেখা যায়, তাঁর ব্লাডার ক্যানসার বর্ধিত (High Grade) হয়ে ব্লাডারের মাংসপেশিতে ঢুকে পড়েছে। যার কারণে তখন রোগীকে বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মূত্রাশয় পুরোটাই ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মূত্রাশয় ফেলে দিলে স্বাভাবিক প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হওয়ার সুযোগ থাকে না এবং একটা বিশেষ ধরনের ব্যাগ পেটের বাইরে চামড়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। যার মধ্যে প্রস্রাব জমতে পারে।
এই রোগীর ক্ষেত্রে র্যাডিক্যাল সিস্টোপ্রোসটেটেকটমি উইথ অর্থোটপিক নিউব্লাডার রিকনস্ট্রাকশন সার্জারি করা হয়। এই অস্ত্রোপচারের মাধ্যমে পেটের ভেতরের নাড়ি বা ক্ষুদ্রান্ত্র থেকে দেড় ফিট পরিমাণ কেটে নিয়ে ভাঁজ করে বিশেষ টেইলারিং বা সেলাইয়ের মাধ্যমে প্রস্রাবের বিশেষ কৃত্রিম থলি বানানো হয় এবং রোগীর প্রস্রাবের রাস্তায় সংযুক্ত করে দেওয়া হয়। যার মাধ্যমে এখন প্রস্রাবের রাস্তা দিয়েই স্বাভাবিকভাবে তিনি প্রস্রাব করতে পারছেন।
দীর্ঘ সময় সার্জারি করার পরও, এমনকি তাঁর ডায়াবেটিস, হৃদ্রোগসহ অন্যান্য জটিলতা থাকার পরও দক্ষ অ্যানেসথেসিয়ার সাহায্যের কারণে তাঁকে আইসিইউতে না দিয়ে সরাসরি কেবিনেই স্থানান্তর করা সম্ভব হয়েছে। এম এ জুলকিফল বলেন, ‘র্যাডিক্যাল সিস্টোপ্রোসটেটেকটমি উইথ অর্থোটপিক নিউব্লাডার রিকনস্ট্রাকশন সার্জারি একটি বিরল সার্জারি। আগে এসব সার্জারির জন্য রোগীদের দেশের বাইরে যেতে হতো। এখন আমরা অত্যন্ত সফলতার সঙ্গে এ ধরনের সার্জারি দেশেই করছি।’ বিজ্ঞপ্তি