ভেজাল ও অনুমোদনহীন ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তাঁরা দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি করে আসছিলেন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের অক্সিজেন, ষোলশহর ও হামজারবাগ এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান অভিযানে নেতৃত্ব দেন।
সকালে নগরের ষোলশহর এলাকায় ইউনানি রিসার্চ সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান আদালত। এ সময় সেখানে হেকিম ছিলেন না। বিক্রেতা ওমর ফারুক নিজেই রোগী দেখে ওষুধ দিচ্ছিলেন। এ অপরাধে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
এরপর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান মুরাদপুরের মডার্ন আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি চিকিৎসালয়ে। নিবন্ধন ছাড়াই ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে হেকিম মো. নাসির উদ্দিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
অক্সিজেন এলাকার চিটাগং হারবালের হেকিম দিলীপ কুমার তালুকদারও দীর্ঘদিন ধরে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করছিলেন। আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। হেকিমের সহকারী মো. শাকিলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, এসব প্রতিষ্ঠান নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছিল, তাই সাজা দেওয়া হয়েছে।