ইউনানি ওষুধ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ পাঁচজন
নাটোরের গুরুদাসপুরে চাঁদপুরের শ্রীপুর ইউনানি দাওয়াখানার হাব্বে সুরঞ্জান (শ্রীপুর ট্যাবলেট) ওষুধ খেয়ে লাবনী আক্তার (১২) নামের এক ছাত্রী মারা গেছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই একই ওষুধ খেয়ে অসুস্থ হয়েছেন আরও পাঁচজন। তাঁদের সবার বাড়ি ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে।
মারা যাওয়া লাবনী আক্তার উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের দিনমজুর আবদুল লতিফের মেয়ে। সে গ্রামের ঝাউপাড়া দাখিল মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে পড়ত। গুরুদাসপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সুব্রত কুমার মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। ওষুধবিক্রেতাকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম জানান, অল্প বয়সে খালি পেটে ওই শক্তিশালী ওষুধ (ইউনানি ট্যাবলেট) সেবন করায় তাৎক্ষণিক পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয় শিশুটির দেহে। কিডনি ও হার্ট অকার্যকর হওয়াসহ খাদ্যনালি ফেটে গিয়ে ওই শিশু মারা যায়। তিনি আরও বলেন, গ্রামগঞ্জের মানুষের অজ্ঞতা, অসচেতনতার সুযোগে একশ্রেণির হকার এ ধরনের বড়ি দেদার বিক্রি করছে। তাদের কথার ফাঁদে পড়ে মানুষ এভাবে প্রাণও হারাচ্ছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ খাওয়া উচিত নয় বলে তিনি জানান।
লাবনীর দাদি লতিফুল বেওয়া বলেন, শিশুটি দীর্ঘদিন ধরে বাড়ন্ত বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিল। স্থানীয়ভাবে চেষ্টা করেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। সর্বশেষ গত রোববার বাড়ির পাশ দিয়ে অপরিচিত এক ব্যক্তি মাইকিং করে ওষুধ বিক্রি করছিল। গ্রামের অনেক নারীর সঙ্গে তিনিও ১০০ টাকা দিয়ে নাতনির জন্য ১০টি বড়ি কিনে এনেছিলেন। তিনি আরও বলেন, ওষুধবিক্রেতা বলছিল এটা দামি ওষুধ। এটা নিয়ম করে খেলে গ্রন্থি প্রদাহ, গ্রন্থি বেদনা, কটি বাত, গেঁটে বাতসহ মেয়েলি সব রোগ সেরে যাবে।
ওষুধবিক্রেতার পরামর্শে গতকাল সোমবার সকাল আটটার দিকে তঁার নাতনিকে (লাবনী) খালি পেটে একটি ট্যাবলেট খাওয়ানো হয়। কিন্তু সেটি খাওয়ার কিছুক্ষণের মধ্যে লাবনী অস্থির হয়ে পড়ে। একপর্যায়ে ‘বুক জ্বলে গেল, পুড়ে গেল’ বলে চিৎকার করে গড়াগড়ি করতে থাকে। সকাল নয়টার দিকে তাকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির আধা ঘণ্টার মধ্যেই সে মারা যায়।
লাবনীর বাবা আবদুল লতিফ কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ছোটবেলায় মেয়েটির মা মারা যায়। সংসারে সৎমা থাকায় ওর দাদিই দেখাশোনা করতেন ওর। তিনি গ্রামের অশিক্ষিত মানুষ। কী করবেন সেটা ভেবে পাচ্ছেন না। তবে মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
লাবনীর দাদির কাছে থাকা ওষুধ পর্যবেক্ষণ করে দেখা গেছে, লাবনীকে যে ওষুধটি খাওয়ানো হয়েছিল, তার নাম হাব্বে সুরঞ্জান। এটি চাঁদপুরের শ্রীপুর ইউনানি দাওয়াখানা-৩৬০০ বাংলাদেশ নামের ইউনানি দাওয়াখানায় তৈরি।
এদিকে ওই শিশুর মৃত্যুর পর একই বড়ি খেয়ে একজন নারীসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থ হওয়া পুরুষদের বয়স ২২ থেকে ৭০ বছর।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন গত রাত নয়টার দিকে মুঠোফোনে তথ্যটি নিশ্চিত করে বলেন, ওষুধ খাওয়ার পর ওই পুরুষেরা শারীরিক কষ্ট দমন করতে দিনের বেশির ভাগ সময় পুকুরের পানিতে শরীর চুবিয়ে রাখেন। পরিস্থিতির উন্নতি না হলে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছেন। লোকলজ্জার ভয়ে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হননি তাঁরা। তবে ওই ওষুধ খেয়ে অসুস্থ হওয়া নারী গতকাল সন্ধ্যায় তাঁর স্বামীর সঙ্গে শহরে গিয়ে চিকিৎসক দেখিয়ে এসেছেন।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ওষুধ খেয়ে মারা যাওয়া ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারকে দাফনের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিন হাজার টাকা সহায়তা দিয়েছেন। এদিকে ওষুধ খেয়ে মৃত্যু ও অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তা ছাড়া গত রোববার তাঁর ইউনিয়ন এলাকায় হকারদের মাধ্যমে বিক্রি করা ওই কোম্পানির ওষুধ সেবন না করার জন্য সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।