ইউনানি ওষুধের ডিপোকে জরিমানা সিলগালা
লাইসেন্স না নিয়ে ওষুধ তৈরি, বাজারজাত ও মজুত করায় চট্টগ্রাম নগরের পুরোনো স্টেশন রোড এলাকার নোয়াখালী দাওয়াখানা নামের একটি ইউনানি ওষুধের ডিপো সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, লাইসেন্স ছাড়া নোয়াখালী দাওয়াখানায় ‘বাদিয়ান’ নামের একটি ওষুধ তৈরি করে বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া ‘হাব্বে সুরাঞ্জান’ নামের আরেক ধরনের ওষুধ বাজারে বিক্রি করে তারা। এর মোড়কে ওষুধ তৈরির উপাদান, মেয়াদ বা উৎপাদনকারীর নাম নেই। সাধারণত ফুটপাতে সর্বরোগের ওষুধ হিসেবে এগুলো বিক্রি করা হয়। এ রকম ৩১০ কৌটা ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধের কারখানাটিতে মেয়াদোত্তীর্ণ ৩৮ বোতল মধুও পাওয়া গেছে। আইন ভঙ্গ করে ওষুধ উৎপাদন ও মজুত করায় জরিমানা করার পাশাপাশি কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।