ইউনানের গভর্নর আজ আসছেন
সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠাসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য আজ রোববার বাংলাদেশে আসছেন চীনের ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং। দুই দিনের এ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা গতকাল শনিবার প্রথম আলোকে জানান, কিন গুয়াংরংয়ের সফরের সময় কৃষি ও পর্যটন খাতে সহযোগিতার বিষয়ে বাংলাদেশ ও চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশের সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠার অংশ হিসেবে ইউনান প্রদেশের পক্ষ থেকে কৃষি, শিক্ষা, জ্বালানি, পর্যটন ও মৈত্রী প্রদেশ প্রতিষ্ঠাসংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে দুটি সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে কিন গুয়াংরং ঢাকায় আসছেন। গত মার্চে শেখ হাসিনা ইউনান প্রদেশের রাজধানী কুনমিং সফরের সময় গুয়াংরং তাঁর সঙ্গে বৈঠক করেন। তখন তিনি তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জানা গেছে, ইউনানের গভর্নর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে কথা বলবেন। তাঁদের আলোচনায় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টি প্রাধান্য পাবে। চীনের সঙ্গে সাম্প্রতিক সময়ে সম্পর্ক জোরদারের ক্ষেত্রে ইউনান প্রদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। কারণ এখন আকাশপথে চীনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়ে থাকে ইউনান প্রদেশের রাজধানী কুনমিং হয়েই। সে ক্ষেত্রে সরাসরি সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বাংলাদেশ প্রথমেই ইউনানের সঙ্গে যুক্ত হবে। তা ছাড়া বাংলাদেশে আগামীতে গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে চীনের দক্ষিণাংশের প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যম হবে ইউনান। এ ছাড়া মিয়ানমার হয়ে ত্রিদেশীয় সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠায় প্রদেশটির সঙ্গে বন্ধুত্বকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারবে বাংলাদেশ। অর্থাৎ চীনের কেন্দ্রীয় সরকারকে ওই প্রকল্পে রাজি করাতে কুনমিং কর্তৃপক্ষ অনুঘটকের ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ঢাকার কর্মকর্তারা। প্রাথমিক সূচি অনুযায়ী কিন গুয়াংরংয়ের তিন দিনের সফরে গতকালই ঢাকা আসার কথা ছিল। শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে তা কমিয়ে দুই দিনের করা হয়।