ইউনিগেট ওয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ
১০ মাসে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়ে ইউনিগেট ওয়ে টু ইউ নামের একটি প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে হঠাৎ বড় অঙ্কের টাকা জমা হওয়ার তথ্য পেয়ে হিসাবটি সাময়িকভাবে স্থগিত করেছে।প্রতিষ্ঠানটির হিসাব রয়েছে বেসরকারি সোস্যাল ইসলামী ব্যাংকে (এসআইবিএল)। এটি প্রতিষ্ঠানটির চলতি হিসাব।জানা গেছে, এসআইবিএলের প্রিন্সিপাল শাখায় মাত্র দেড় মাস আগে খোলা এই ব্যাংক হিসাবে বর্তমানে ১২ কোটি টাকা জমা রয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক লেনদেন মনে করে কেন্দ্রীয় ব্যাংক মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এ হিসাব থেকে অর্থ উত্তোলন এক মাসের জন্য স্থগিত করতে এসআইবিএলকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ইউনিগেট ওয়ে টু ইউ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানে নেমেছে।এর আগে স্বর্ণে বিনিয়োগ করে অধিক মুনাফার প্রস্তাব দিয়ে অর্থ সংগ্রহের অভিযোগে ইউনিপে টু ইউ বাংলাদেশ নামে আরেকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করেছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু প্রতিষ্ঠানটি আদালতের নিষেধাজ্ঞা পেয়ে আবার অর্থ সংগ্রহ শুরু করেছে।জানা যায়, ইউনিগেট ওয়ে টু ইউ নামের প্রতিষ্ঠানটি ইউনিপে টু ইউর মতোই একটি প্রতিষ্ঠান। ইউনিপে টু ইউ প্রতিষ্ঠান থেকে এসে নতুন এ প্রতিষ্ঠানের জন্ম দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়।সূত্র জানায়, ইউনিগেট ওয়ে টু ইউ গত ১২ অক্টোবর ঢাকা সিটি করপোরেশন থেকে একটি বাণিজ্যিক নিবন্ধন নেয়, যার নম্বর ০৪৫০২১৫। প্রতিষ্ঠানটির রেজিস্টার্ড ঠিকানা দিলকুশার সাধারণ বীমা ভবনের ষষ্ঠ তলা। অফিসের ঠিকানা দেওয়া আছে লেক প্লাজা, রোড নং-৩০, বাসা-১১, অ্যাপার্টমেন্ট-৩০২, গুলশান-১। নিবন্ধন পাওয়ার দিনই ইউনিগেট ওয়ে প্রতিষ্ঠানের নামে এসআইবিএলের প্রিন্সিপাল শাখায় একটি চলতি হিসাব খোলা হয়। এই হিসাবের পরিচয়দানকারী হলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই আইনজীবীর ব্যক্তিগত চেম্বার এবং ইউনিগেট ওয়ে টু ইউর রেজিস্টার্ড ঠিকানাও এক। হিসাব খোলার ফরমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে মাসুদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মুশফিকুর রহমানের নাম রয়েছে। হিসাব খোলার ফরমে মাসুদুর রহমানের বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ঠিকানা ভিন্ন।হিসাব খোলার ফরমে মাসে সম্ভাব্য লেনদেনের সংখ্যা ২০ হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এক মাসের কম সময়ে ১৩০টি লেনদেন হয়েছে এই হিসাবে। এতে কয়েক দিনেই কোটি টাকা ওই হিসাবে জমা হয়। গত দেড় মাসে ওই হিসাব থেকে প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করা হয়। বর্তমানে এই হিসাবে প্রায় ১২ কোটি টাকা রয়েছে।এসব বিষয়ে ইউনিগেট ওয়ে টু ইউর এমডি মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে জানান, তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার কথা তিনি জানেন না। তিনি দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে অধিক মুনাফার লোভ দেখিয়ে কোনো অর্থও সংগ্রহ করছে না।ব্যবসার ধরন জানতে চাইলে তিনি জানান, তাঁরা মূলত মাল্টি লেভেল মার্কেটিং করে থাকেন। বিদেশ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য এনে এজেন্টদের মাধ্যমে বিক্রি করেন। বিক্রির ওপর এজেন্টদের মুনাফা দেওয়া হয়।অন্যদিকে মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একসময় তিনি এই প্রতিষ্ঠানের মূল ব্যক্তি ছিলেন, এখন কেউ নন। মুশফিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন, মাসুদুর রহমান তাঁদের সঙ্গে এখন আর নেই।