চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘বি’ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদে) অধীনে উপ-ইউনিট রয়েছে ছয়টি। এগুলো হলো বি-২, বি-৩, বি-৪, বি-৫, বি-৬ ও বি-৭ ইউনিট। আর এই ছয়টি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে একই দিনে একই সময়ে। ফলে ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও একটির বেশি পরীক্ষায় অংশ নিতে পারছেন না ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আসন্ন শিক্ষাবর্ষে কলা ও মানববিদ্যা অনুষদের ১৪টি বিভাগ ও ইনস্টিটিউটের মধ্যে সাতটি বিভাগ নিয়ে গঠিত বি-১ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। অবশিষ্ট সাতটি বিভাগ ও ইনস্টিটিউটকে ভাগ করা হয়েছে বি-২, বি-৩, বি-৪, বি-৫, বি-৬ ও বি-৭ উপ-ইউনিটে। এ ছয়টি উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায়।
প্রসঙ্গত, কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে মোট এক হাজার ২৯৫টি আসন রয়েছে। এর মধ্যে বি-১ ইউনিটের অধীনে সাতটি বিভাগে রয়েছে ৭২৫টি আসন। বাকি সাতটি বিভাগ ও ইনস্টিটিউটের ছয়টি উপ-ইউনিটে আসন রয়েছে মোট ৫৭০টি।
ভর্তি-ইচ্ছুক একাধিক শিক্ষার্থীর সঙ্গে এ ব্যাপারে কথা হলে তাঁরা অভিযোগ করে বলেন, অনেকেরই ইচ্ছা ছিল আইইআরটি, নাট্যকলা ও চারুকলার জন্য পৃথকভাবে ভর্তি পরীক্ষা দেবেন। এর মধ্যে যেটিতে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, সেটিতে ভর্তি হবেন। কিন্তু একই দিনে ও একই সময়ে এই পরীক্ষাগুলো পৃথকভাবে অনুষ্ঠিত হওয়ায় কোন ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য অংশ নেবেন, তা বুঝতে পারছেন না। এতে তাঁরা সমস্যায় পড়ে গেলেন। একই অভিযোগ করেছেন কয়েকজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর অভিভাবকেরাও।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুপারিশে ভর্তি কমিটি পরীক্ষার তারিখ নির্ধারণ করে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সমস্যা হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে।