ইউনিপেটুইউ বিনিয়োগ করা টাকা ফেরত দিতে কমিশন গঠনের দাবি
কমিশন গঠন করে বিনিয়োগ করা টাকা ফেরতের ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বহুধাপ বিপণন (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর গ্রাহকেরা। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘প্রতারিত’ গ্রাহকদের সংগঠন ‘ইউনিপে মেম্বার্স ক্লাব লিমিটেড’ এর ব্যানারে গতকাল দুপুরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্যে বলা হয়, সরকার ‘যুবকে’ বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে কমিশন গঠন করেছে। ‘ডেসটিনি’র ক্ষেত্রেও কমিশন গঠনের চিন্তা করছে। কিন্তু ইউনিপেটুইউর ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা সরকারের কাছে অবিলম্বে কমিশন গঠনের দাবি জানান।লিখিত বক্তব্যে বলা হয়, ইউনিপেটুইউর প্রতারণার বিষয়ে পুলিশের বিশেষ শাখা ইতিমধ্যে মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এ ব্যাপারে দুদকও তদন্ত করেছে। এ দুটি প্রতিবেদনের ভিত্তিতে দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। ইউনিপেটুইউর গ্রাহকেরা কোম্পানির ‘দোষী’ কর্মকর্তাদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি জানান। তাঁরা অভিযোগ করেন, এর আগেও একই দাবিতে মানববন্ধন, অনশনসহ বেশ কিছু কর্মসূচি পালন করেছেন। প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। ফয়জুর রহমান নামের এক গ্রাহক বলেন, নিজস্ব টাকাসহ তাঁর অধীনস্থ কোম্পানিতে প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। কোম্পানি সব টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।জাহানারা বেগম নামের আরেক গ্রাহক বলেন, বিনিয়োগ করা ৩৫ লাখ হারিয়ে তিনি প্রায় নিঃস্ব। কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, ইউনিপেটুইউ বন্ধ করে কর্মকর্তারা গোপনে রাজধানীর খিলক্ষেতে ‘ইউনি মাল্টিপারপাস’ নামে প্রতিষ্ঠান খুলে একইভাবে প্রতারণা করছেন। সেখানে টাকা ফেরত চাইতে গেলে কোম্পানির ‘নিযুক্ত সন্ত্রাসীরা’ তাঁদের বের করে দেয়। এ গ্রাহকেরা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।