ইউনিপেটুইউতে বিনিয়োগ করা অর্থ ফেরতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করেছেন ইউনিপেটুইউ বাংলাদেশ লিমিটেডের গ্রাহকেরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইউনিপেটুইউ মেম্বারস ক্লাব নামে একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা অবিলম্বে ওই প্রতিষ্ঠানের প্রতারক কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে জানানো হয়, প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার দীর্ঘ ১৫ মাস পরও অর্থ ফেরত পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা না পেয়ে গ্রাহকেরা হতাশ হয়ে পড়েছেন। ই-কমার্স মেথডের নামে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ১২ কোটি টাকা আত্মসাৎ করেছে। এদের ফাঁদে পড়ে গ্রাহকদের অনেকেই বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা করছেন। ঋণ শোধ করতে না পেরে অনেকে পরিবার-পরিজন রেখে বিদেশেও পালিয়ে গেছেন।ইউনিপেটুইউ মেম্বারস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মো. সরওয়ার মোর্শেদ বলেন, ‘বিনিয়োগ করা অর্থ ফেরত না পাওয়ায় আমরা হতাশ। তাই অবিলম্বে অর্থ ফেরত দেওয়ার দাবিতে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি।’সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিপেটুইউ মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বখতিয়ার, নির্বাহী সদস্য মামুনুর রশিদ, বৃহত্তর নোয়াখালী জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, সহসভাপতি অপু রায়, সাধারণ সম্পাদক হাফিজ আবদুল আলিম প্রমুখ।