ইউনিপেটুইউর এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে কথিত বহু ধাপে বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন মামুনসহ ১০ জনের বিরুদ্ধে সিলেটে মামলা হয়েছে। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে গতকাল বুধবার এ মামলা করেন নগরের কাজীটুলা এলাকার ব্যবসায়ী মো. শিহাবউদ্দিন।বাদী পক্ষের আইনজীবী আকমল হোসেন খান বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সমন জারি করার আবেদন করা হলে আদালত আগামী ১১ আগস্ট শুনানির তারিখ ধার্য করেছেন। মামলার আসামিরা হলেন, ইউনিপেটুইউ লিমিটেডের এমডি মুনতাসির হোসেন মামুন, পরিচালক শহিদুজ্জামান ও সহকারী পরিচালক লিটু, সিলেটের স্থানীয় এজেন্ট সিলেট নগরের জল্লারপাড় এলাকার কাকলী শপিং সেন্টারের জুয়েল আহমদ, সানোয়ার হোসেন, সিলেটের বিয়ানীবাজার শাখার লোকমান আহমদ, আবু ছালেহ মুসা, আকবর আলী খন্দকার, রফিকুল হক রাসেল ও জামিল আহমদ।মামলায় বাদী শিহাবউদ্দিন অভিযোগ করেন, গত বছর ঢাকায় ইউনিপেটুইউ লিমিটেডের কার্যালয় বসিয়ে আসামিরা তাঁকে বোঝান বিনিয়োগ করলে তিনি মাসিক ২৩ শতাংশ হারে সুদ পাবেন। তাঁদের কথায় প্রভাবিত হয়ে তিনি ১০ কিস্তিতে মোট নয় লাখ ৭৬ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করেন। কিন্তু তিনি এখনো এক টাকাও পাননি।বাদীর অভিযোগ সম্পর্কে জানতে ইউনিপেটুইউর স্থানীয় এজেন্ট জুয়েল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইউনিপেটুইউর হিসাব জব্দ থাকায় গ্রাহকদের লেনদেন নিয়ে সমস্যা হচ্ছে। এ ব্যাপারে ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে তিনি মুঠোফোন বন্ধ করে দেন। ইউনিপেটুইউর এমডি মুনতাসির হোসেন মামুনের মুঠোফোনে ফোন করে তা বন্ধ পাওয়া যায়।