ইউনিপেটুইউর চার কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা
একটি প্রতারণা মামলায় বহু পর্যায়ের বিপণন (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউর চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল রোববার এই আদেশ দেন। চার আসামি হলেন—ইউনিপেটুইউর চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসাইন, চট্টগ্রামের ব্যবস্থাপক হামিদুল হক ও চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার রমনা ট্রেড সেন্টারের প্রতিনিধি আমানউল্লাহ আমান। আদালত সূত্র জানায়, আবু সাদেক নামের ইউনিপেটুইউর গ্রাহক বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই চারজনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। আরজিতে বলা হয়, ২০১০ সালের ১৪ ডিসেম্বর থেকে পরবর্তী বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে আসামিরা আট লাখ ৮৬ হাজার টাকা নেন। এর আগে তাঁকে প্রতি মাসে ৪৭ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আসামিরা। আদালতসূত্র আরও জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী ৪৭ হাজার টাকা করে না পাওয়া এবং বিনিয়োগের অর্থ আত্মসাৎ করায় আবু সাদেক আসামিদের বিরুদ্ধে মামলা করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ২৯ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।