ইউনিপেটুইউর চেয়ারম্যান ও এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ধাপের কথিত বিপণন কোম্পানি ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলায় আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুটি পৃথক প্রতারণা মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালত এই আদেশ দেন।আদালত সূত্র জানায়, গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে করা একটি মামলায় ১০ জন এবং অপর মামলায় পাঁচজনকে আসামি করা হয়। কিন্তু ইউনিপেটুইউর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উভয় মামলার আসামি। তাই মোট আসামির সংখ্যা ১৩। আদালত আগামী ১৯ জুলাই উভয় মামলার শুনানির দিন ধার্য করেন।মামলার আসামিরা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো. মুনতাসির হোসাইন, আঞ্চলিক প্রধান জামালউদ্দিন, প্রধান উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, মহাব্যবস্থাপক জামশেদুল আলম ও জসীম উদ্দিন, অফিস সহকারী নূর কামাল ও সুমাইয়া, প্রতিনিধি জাহাঙ্গীর আলম, নেছার আহমেদ, ব্যবস্থাপক হামিদুল হক, প্রতিনিধি জাহেদ লতিফ জিসান এবং মো. সেলিম উদ্দিন।মামলার আরজিতে আসামিদের বিরুদ্ধে ১০ মাসে দ্বিগুণ লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ লাখ ৭৫ হাজার ১০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।আদালত সূত্র জানায়, একটি মামলার আরজিতে ৫০ লাখ ৯০ হাজার ৪০০ টাকা আত্মসাতের অভিযোগ করেন এম এ এইচ সাদ্দাম নামের এক গ্রাহক। সাদ্দাম তাঁর মামলায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১০ জনকে আসামি করেন। সরওয়ার উদ্দিন নামের অন্য গ্রাহক আসামি করেন পাঁচজনকে। সরওয়ারের ১৪ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে আরজিতে উল্লেখ করা হয়।নগরের মুরাদপুরে রমনা ট্রেড সেন্টারের সপ্তম তলায় ইউনিপেটুইউর স্থানীয় কার্যালয়ে ২০১০ সালের বিভিন্ন সময়ে আসামিরা টাকা হাতিয়ে নেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, এর আগে গত ২৯ মে ইউনিপেটুইউর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে চারটি মামলা করেন অন্য গ্রাহকেরা। আদালত ওই মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।