ইউনিপেটুইউর চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউর চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে ১৩ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৩৪০ টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে মামলা করেছেন একজন গ্রাহক। গত বুধবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে সিলেট নগরের তাঁতীপাড়ার গোলাম সারওয়ার এ মামলা করেন। এর আগে সিলেটে ইউনিপেটুইউর কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও এটাই মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা বলে জানিয়েছেন বাদীর আইনজীবী আশিক আহমদ খান।আদালত মামলাটি বুধবারই আমলে নিয়ে এক আদেশে তদন্তের জন্য সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্তরা হলেন: ইউনিপেটুইউর চেয়ারম্যান সহিদুজ্জামান শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেন ওরফে ইমন, জেনারেল ম্যানেজার মো. জামসেদুর রহমান জামসেদ, সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দের বাসিন্দা ও স্থানীয় এজেন্ট আবদুল বাসিত নাবিল, ইউনিপেটুইউর ডিএমডি আবু তাহের, উপদেষ্টা মনজুর এহসান চৌধুরী ওরফে মিঠু চৌধুরী, পরিচালক আবদুল জলিল ও পরিচালক মেজর (অব.) এম এ মুকিত।আইনজীবী আশিক আহমদ খান জানান, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও পাওনা টাকা উদ্ধারে আদালতের হস্তক্ষেপ কামনা করেন বাদী। মামলার সঙ্গে আদালতে উপস্থাপন করা তথ্য-প্রমাণাদি পর্যবেক্ষণ করে আদালত মামলাটি তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।