ইউনিপেটুইউর ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর ছয় কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত। গতকাল রোববার শুনানির পর চট্টগ্রাম আদালতের জ্যেষ্ঠ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন। এর আগে গত বুধবার আরেকটি মামলায় চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ইউনিপেটুইউর ছয় কর্মকর্তা হলেন মাসুদুর রহমান, মোনতাসির হোসাইন, জুয়েল, হামিদুল হক ওরফে মানিক, আজাদ ও সাইফুল ইসলাম। প্রতারণার মাধ্যমে ৮৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দুই বোন মমতাজ বেগম ও খালেদা বেগম গতকাল আদালতে পৃথক দুটি মামলা করেন। উভয় মামলায় পৃথক শুনানি করে আদালত বিবাদীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, নগরের ডবলমুরিং থানাধীন দক্ষিণ মাদারবাড়ী এলাকার আমিন শরীফের দুই মেয়ে মমতাজ বেগম ও খালেদা বেগম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলার আরজিতে বলা হয়, ১০ মাসে তিনগুণ লাভ দেওয়ার আশ্বাস দিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর তাঁদের কাছ থেকে ৪২ হাজার টাকা করে নেওয়া হয়। এখন কোনো টাকাই তাঁদের ফেরত দেওয়া হচ্ছে না, যা প্রতারণার শামিল।