ইউনিপেটুইউর দুই পরিচালকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুধাপ বিপণন কোম্পানি ইউনিপেটুইউর দুই পরিচালককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া দুই পরিচালক হলেন শাহাদাত হোসেন চৌধুরী ও আইয়ুব আলী। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নাঈমা জান্নাত চৌধুরী নামের আরেক পরিচালককে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আইয়ুব আলী। আরেকজন পলাতক রয়েছেন।
সরকারি কৌঁসুলি প্রদীপ দত্ত প্রথম আলোকে বলেন, বহদ্দারহাট এলাকায় কার্যালয় খুলে লাভের কথা বলে বাদী মো. ইয়াছিনের কাছ থেকে ৩ লাখ ৪৬ হাজার টাকা নেন ইউনিপেটুইউর দুই পরিচালক। কিন্তু বাদীকে কোনো লাভ দেওয়া হয়নি, বিনিয়োগের টাকাও ফেরত দেননি তাঁরা। এ ঘটনায় ২০১৩ সালের ১৭ জুন মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ তিন পরিচালকের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
সরকারি কৌঁসুলি বলেন, রায়ের আদেশে বিচারক একটি ধারায় দুই আসামিকে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, আরেকটি ধারায় সাত বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। দুটি সাজা মিলে আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। ইউনিপেটুইউর বিরুদ্ধে চট্টগ্রামে এটিই প্রথম কোনো মামলার রায়।