ইউনিপেটুইউর বিনিয়োগকারীদের অভিযোগ
সুনামগঞ্জে কথিত এমএলএম কোম্পানি ইউনিপেটুইউতে প্রায় ৩০ কোটি টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগের পর কোনো টাকা দেওয়া হয়নি তাঁদের। এখন কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কোনো যোগাযোগই করতে পারছেন না। গতকাল বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীরা এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে বিনিয়োগকারীরা বলেন, ‘সুনামগঞ্জ জেলার ২৫ হাজার লোক এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন। তাঁরা বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যাংক থেকে ঋণ করে, জমিজমা বিক্রি করে এমনকি পেনশনের টাকা এনে জমা দিয়েছেন। এখন সব হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে গেছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত সৈয়দ আমিরুল ইসলাম জানান, তিনি তাঁর সম্পদ বিক্রি করে ৪৬ লাখ টাকা, শেখ হারুন নামের আরেক বিনিয়োগকারী ২৫ লাখ, রবীন্দ্র কুমার দাস তিন লাখ, প্রদ্যুৎ কুমার মজুমদার সাড়ে চার লাখ, আবদুল কাইয়ুম ছয় লাখ ৭৬ হাজার টাকা, তিমন চৌধুরী দুই লাখ টাকা, সুখেশ দাস তিন লাখ ও রাশেম আলী সাড়ে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এখন তাঁরা পথে পথে ঘুরছেন। এ ব্যাপারে সুনামগঞ্জে ইউনিপেটুইউর প্রতিনিধি ইফতেখার হোসেন বলেন, আমরা সবাই অন্য আরেক এজেন্টের মাধ্যমে টাকা দিয়েছি। এজেন্ট জানিয়েছেন, সরকার প্রতিষ্ঠানের টাকা আটকে রেখেছে। টাকা ছাড়লে সব বিনিয়োগকারী পাবেন।