ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের করা বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ ব্যাপারে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন। এ কারণে তারা কোনো ধরনের লেনদেন করতে পারবে না। তিনি জানান, ইউনিগেটুইউ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রেও একই ধরনের আদেশ হয়েছে। তাই তারাও লেনদেন করতে পারবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ ইউনিপেটুইউর ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। পরে প্রতিষ্ঠানটির পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জুন আদালত ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ দেন। এটি বাতিল চেয়ে দুদক হাইকোর্টে আবেদন করে। গতকাল শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চলতি বছরের ২৫ জানুয়ারি দুদক শাহবাগ থানায় ইউনিপেটুইউর বিরুদ্ধে মামলা করে। এই মামলাটি বাতিল চেয়ে প্রতিষ্ঠানটির পক্ষে হাইকোর্টে একটি আবেদন করা হয়। আবেদনের ওপর একই আদালতে শুনানি হয়। শুনানি নিয়ে অবকাশ শেষে এক সপ্তাহ পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত করা হয়। অবকাশ শেষে ১০ জুলাই আদালত খুলবে।আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং ইউনিপেটুইউর মামলা বাতিল আবেদনের পক্ষে আইনজীবী এম আমীর-উল ইসলাম মামলা পরিচালনা করেন। এ ব্যাপারে এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, অবকাশ শেষে এক সপ্তাহ পর্যন্ত ইউনিপেটুইউর বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে মামলার কার্যক্রম চলতে পারে না। দুদকের কৌঁসুলি জানান, গত ৩ ফেব্রুয়ারি ইউনিগেটুইউ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক। দুদকের আবেদনে ১৯ জানুয়ারি দুটি ও ২ মার্চ প্রতিষ্ঠানটির একটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এর বিরুদ্ধে ইউনিগেটুর পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে দায়রা জজ আদালত তা উন্মুক্তের আদেশ দেন। এই আদেশ ও ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ বাতিল চেয়ে দুদক হাইকোর্টে পৃথক আবেদন করেন। দুটি আবেদনের ওপর গতকাল শুনানি হয়।