ইউনিপেটুইউয়ের ৪ জন গ্রেপ্তার, কোটি টাকা উদ্ধার

মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ইউনিপেটুইউয়ের ১ কোটি ১০ লাখ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকবাল আলী, দেওয়ান মো. মঞ্জুর কবীর, এ এস এম জিয়াউল হক ও মিলন হাসান।
সংবাদ সম্মেলনে মোল্যা নজরুল ইসলাম বলেন, ইউনিপেটুইউ মালয়েশিয়ায় স্বর্ণ রাখার কথা বলে ও দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের টাকা হাতিয়ে নিত। এ বিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি অনুসন্ধান প্রতিবেদন পাঠানো হয় সিআইডির অপরাধ বিভাগের কাছে। এরপর এ বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তে বের হয়ে আসে যে টাকা নিয়ে সেই টাকা দিয়ে সমপরিমাণ মূল্যের স্বর্ণ কেনা হচ্ছে মালয়েশিয়ায়—এমনটা বলা হতো গ্রাহকদের। টাকা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে গ্রাহকের অ্যাকাউন্টে স্বর্ণের পরিমাণও দেখানো হতো। ১০ মাস পর সেই স্বর্ণ বিক্রি করলে টাকা দ্বিগুণ হয়ে যাবে—এমন প্রলোভন দেখানো হতো গ্রাহকদের। প্রাথমিক অনুসন্ধানে ইউনিপেটুইউয়ের দুই কর্মকর্তা এবং দুই এজেন্টের বিরুদ্ধে ৪৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা আত্মসাতের সত্যতা পায় সিআইডি। এ অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে চারজনকে গ্রেপ্তার করা হয়।
মোল্যা নজরুল ইসলাম আরও বলেন, ‘গ্রেপ্তার চারজন ঢাকা, ঝিনাইদহ, যশোর এলাকার প্রায় এক হাজার গ্রাহকের কাছ থেকে ৪৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাঁরা সেসব অর্থ ইউনিপেটুইউয়ের প্রধান কার্যালয়ে জমা দিয়েছে বলে জানিয়েছে। এর মধ্যে ইকবালের অ্যাকাউন্টে ৮৮ লাখ এবং প্রেস্টিজ নামে আরেক অ্যাকাউন্টে ২২ লাখ টাকা পাওয়া গেছে। বাকি টাকা কোথায় কীভাবে সরানো হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ তিনি আরও বলেন, এর আগে এ প্রতারণার বিষয়টি দুদক তদন্ত করছিল। আমরা গত ফেব্রুয়ারিতে পাওয়া বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শুরু করি।