ইউনিপেটুর উপমহাব্যবস্থাপক শেরপুরে গ্রেপ্তার
বহুল আলোচিত এমএলএম প্রতিষ্ঠান ইউনিপেটুর পলাতক উপমহাব্যবস্থাপক এম এ তাহের পুলিশের হাতে ধরা পড়েছেন। জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ গতকাল রোববার রাত সাতটার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের কর্ণঝোরা চৌরাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে। এম এ তাহেরের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দত্তের চর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এম এ তাহের সাদা রঙের ওই ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-২৭-৫৮৮৫) করে শেরপুরের শ্রীবরদী উপজেলা অতিক্রম করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাফিনূর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে। সন্ধ্যা সাতটার দিকে গাড়িটি শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের কর্ণঝোরা চৌরাস্তা অতিক্রম করার সময় পুলিশ গাড়িটি থামায়। এ সময় এম এ তাহের গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ১০ কিলোমিটার দূর থেকে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় পুলিশ ছবি ও স্থানীয় লোকজনের সহায়তায় এম এ তাহেরকে শনাক্ত করে। মোস্তাফিনূর রহমান জানান, এম এ তাহেরের স্ত্রী রূপা আক্তারের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি তাঁর স্ত্রীকে নিয়ে শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও জানান, এম এ তাহেরের বিরুদ্ধে গ্রাহকদের ৩০০ কোটি টাকা আত্মসাতের ৩০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রতারিত ইউনিপেটু ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তারের জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এম এ তাহেরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানা থেকে ছয় মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আগামীকাল (আজ সোমবার) তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।