ইউনিপের পরিচালক মুকিত নয় দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথাকথিত বহুধাপ (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর পরিচালক মেজর (অব.) খন্দকার মুকিত আল-মাহমুদকে তিনটি মামলায় নয় দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল সোমবার এ রিমান্ড মঞ্জুর করেন।ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) গোলাম মোস্তফা বলেন, গত রোববার রাতে ইউনিপেটুইউর গ্রাহকদের সহায়তায় খিলক্ষেতের নিকুঞ্জ থেকে মুকিতকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত তিনটি মামলায় তিন দিন করে মোট নয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল আদালতে পাঠানোর আগে মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মুকিতকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তিনি বলেন, গত বছর জানুয়ারিতে ইউনিপেটুইউর ব্যাংক হিসাব জব্দ করার পর ইউনিপের কর্মকর্তাদের সঙ্গে তাঁর পরিচয় হয়। সরকারি নিষেধাজ্ঞার কারণে প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে সমস্যায় পড়ে। তা সামাল দিতে তাঁকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ছাড়া আরও ছয়জন পরিচালক ছিলেন।মুকিত বলেন, ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। তাঁর কাছে ইউনিপেটুইউর কোনো টাকা নেই।তবে ইউনিপেটুইউর গ্রাহকদের সংগঠন ইউনিপে মেম্বার্স ক্লাবের সভাপতি সরোয়ার মোর্শেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, মুকিতের কাছে ইউনিপেটুইউর ১০০ কোটি টাকা রয়েছে। প্রতিষ্ঠানের টাকা দিয়ে তিনি অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, মুকিত ইউনিপেটুইউর গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তাদের ধরাছোঁয়ার বাইরে রাখতেন। ৫ মে মুনতাসির ও ইউনিপেটুইউর মহাব্যবস্থাপক জামশেদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করে। এ দুজন বিভিন্ন মামলায় এখনো রিমান্ডে রয়েছেন। এই তিনজনসহ ইউনিপেটুইউর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টির মতো মামলা হয়েছে।