ইউনিফর্ম ছাড়া মন্ত্রীর প্রটোকলে, ওসি প্রত্যাহার
মৌলভীবাজারের জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে গত সোমবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পুলিশের পোশাক (ইউনিফর্ম) না পরে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রটোকলে যাওয়ার অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ মুমিত কয়েক মাস ধরে অসুস্থ। সমাজকল্যাণমন্ত্রী ১১ নভেম্বর রাতে উপজেলার বাছিরপুর এলাকায় মুমিতের বাংলো বাড়িতে তাঁকে দেখতে যান। এ সময় জুড়ী থানার ওসি গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে মন্ত্রীকে প্রটোকল দেয়। একপর্যায়ে খাবারের টেবিলে সাখাওয়াত হোসেনের পরনে টি-শার্ট ও জিনসের প্যান্ট দেখে মন্ত্রী তাঁকে ভর্ৎসনা করেন।
পুলিশের একটি সূত্র জানায়, মন্ত্রী জুড়ী থেকে ফিরে মৌলভীবাজারের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সাখাওয়াত হোসেনকে চিঠি দিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রত্যাহার করে নেওয়ার কথা জানানো হয়।
চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘তাড়াহুড়ো করে যাওয়ায় ইউনিফর্ম পরতে পারিনি। পরে কয়েকজনের ডাকাডাকিতে খাবারের টেবিলে বসে পড়ায় মন্ত্রী মহোদয় দেখে ফেলেন। এ সময় তিনি (মন্ত্রী) একটু সতর্ক করে দেন।’