ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সমাবর্তন
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের তৃতীয় সমাবর্তন গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ সীমাবদ্ধ রাখলে আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে।
সমাবর্তন বক্তা সৈয়দ শামসুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়ার পরই শুরু হয় জীবনের আসল পাঠ, বিরতিহীন পাঠ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানবীয় গুণাবলির অধিকারী হয়ে ওঠাই প্রকৃত স্নাতক হয়ে ওঠা। জানার আকাঙ্ক্ষা থাকতে হবে, তৃষ্ণা থাকতে হবে। পাঠ্যপুস্তকের বাইরেও যে শিক্ষা আছে, সেদিকে নজর দিতে হবে, পরবর্তী সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য ইমরান রহমান সমাজের জন্য কাজ করতে সদ্য স্নাতক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান কাজী আনিস আহমেদ। এবার বিশ্ববিদ্যালয়টি থেকে এক হাজার ৮০ জন স্নাতক সমাবর্তনে অংশ নেন। বিজ্ঞপ্তি।