ইউনিয়ন নয়, ওয়ার্ডও নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমরা থেকে কোনাবাড়ী সড়কের বেহাল দশা। ছবিটি সম্প্রতি কোনাবাড়ী এলাকা থেকে তোলা l প্রথম আলো
ডেমরা থেকে কোনাবাড়ী সড়কের বেহাল দশা। ছবিটি সম্প্রতি কোনাবাড়ী এলাকা থেকে তোলা l প্রথম আলো

ডেমরা থানার ডেমরা, সারুলিয়া ও মাতুয়াইল ইউনিয়ন দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত হওয়ার ঘোষণা আসে এ বছরের মাঝামাঝি সময়ে। করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। ঘোষণার পর ইউনিয়ন হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধা বন্ধ। আটকে আছে অবকাঠামোগত উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ। দুর্ভোগ পোহাচ্ছে এ তিনটি অঞ্চলের মানুষ।
ঢাকা মহানগরের চারপাশের ১৭টি ইউনিয়ন তেজগাঁও উন্নয়ন সার্কেলের অধীনে পরিচালিত। এ বছর মে মাসের ৯ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় ১৬টি ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনার প্রস্তাব অনুমোদন পায়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ডেমরা, সারুলিয়া ও মাতুয়াইলসহ মোট আটটি ইউনিয়নের দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। নতুন যুক্ত ইউনিয়নগুলোতে ওয়ার্ড পুনর্বিন্যাস করে সেখানে নির্বাচন দেওয়া হবে বলে জানান তিনি।
তবে সিটি করপোরেশনের সংযুক্তি এখনো কাগজ-কলম পর্যায়েই আছে। ডেমরা, সারুলিয়া ও মাতুয়াইল ইউনিয়নে দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কার্যক্রম শুরু হয়নি। তবে ইউনিয়ন হিসেবে যে অর্থ বরাদ্দ হতো, তার বেশির ভাগই বন্ধ হয়ে গেছে।
তেজগাঁও উন্নয়ন সার্কেলের সার্কেল অফিসার শেখ কামাল হোসেন বলেন, সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির ঘোষণার পর অঞ্চল তিনটি ইউনিয়নের সুযোগ-সুবিধা হারিয়েছে। ইউনিয়ন থাকাকালীন রাজস্ব আয়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তহবিলসহ স্থানীয় সরকার কর্তৃপক্ষের বেশ কিছু তহবিল বরাদ্দ ছিল, যা দিয়ে ইউনিয়নগুলোতে উন্নয়ন প্রকল্প নেওয়া হতো। মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হতো। কিন্তু এখন বরাদ্দ হয়ে যাওয়ায় তা সম্ভব হচ্ছে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিল্লাল বলেন, নগর পরিকল্পনাবিদ ও জনপ্রতিনিধিদের সঙ্গে বসে একটি পরিকল্পনার মাধ্যমে নতুন ওয়ার্ডগুলোর পুনর্বিন্যাস করা হবে। নতুন এলাকাগুলোতে সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তার আগ পর্যন্ত পুরোনো প্রশাসনিক কাঠামো অনুযায়ী সব কাজ চলবে।
সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ডেমরা থানার তিনটি ইউনিয়নের লোকসংখ্যা আড়াই লাখের বেশি। গত মঙ্গলবার গিয়ে দেখা যায়, কাজলা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত ডেমরা রোডটিতে বড় বড় গর্ত। মাতুয়াইল, সারুলিয়া ও ডেমরা অঞ্চলের প্রায় সব সড়ক ভাঙা ও এবড়োখেবড়ো। মাতুয়াইল ইউনিয়নের শাহজালাল রোড, পাড়ডগাইর এলাকার রাস্তার চেহারা কাঁচা রাস্তার মতো। রিকশা-অটোরিকশাগুলো ডানে-বাঁয়ে কাত হতে হতে চলে। ইউনিয়নের আল-আমিন রোডের এক অংশে নালার পানি উপচে পুরো সড়ক থই থই। ইউনিয়নের অধিবাসী জেনিনা ইসলাম বলেন, ‘ডেমরা রোডের গর্তগুলোতে বাচ্চারা বর্ষায় মাছ ধরে। আর শীতে রাস্তা থাকে ধুলার দখলে।’
সারুলিয়া ইউনিয়নের টেংরা রোড, বক্সনগর, বাগমারার একাংশের সড়ক এবং ডেমরা ইউনিয়নের স্টাফ কোয়ার্টার এলাকার মূল সড়কও একই দশা।
ডেমরা রোডের শরীফপাড়া থেকে বামাইল পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তায় কিছু দূর পরপর ময়লার স্তূপ। সড়কটুকু পার হতে নাক চেপে থাকতে হয়। মাতুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, বেসরকারি এজেন্সির কর্মীরা বাড়ি বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সড়কের পাশে ফেলেন। মাতুয়াইলে সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন ব্যবহারের সুযোগ পাচ্ছেন না তাঁরা।
এ ছাড়া ডেমরা রোডের মূল সড়কে বাতি নেই। ইউনিয়নের অলিগলিগুলোতে ব্যক্তিগত উদ্যোগে কিছু বাতি লাগানো হয়েছে।
তিনটি ইউনিয়নকেই ছুঁয়ে গেছে ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) খাল। মূল সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের সীমানা ঘেঁষে ফলকে লেখা আছে, খালের পানি পরিশোধন করে খাওয়ার পানি হিসেবে ব্যবহৃত হয়, তাই ময়লা ফেলা নিষেধ। কিন্তু খালের অনেক অংশই ময়লার দখলে। কুচকুচে কালো পানি দুর্গন্ধ ছড়াচ্ছে।
সারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম বলেন, খালের পাম্প নষ্ট হয়ে পড়ে আছে। বরাদ্দ না থাকায় মেরামত করা যাচ্ছে না। তিনি বলেন, ‘আগে চাহিদা জানিয়ে, প্রস্তাব লিখে স্থানীয় সরকার অফিসে চিঠি দিতাম। সিটি করপোরেশনের ঘোষণার পর চিঠি ফেরত আসে। ইউনিয়ন উন্নয়নের থোক বরাদ্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফান্ড এই বছর আর আসে নাই। সব কাজ থেমে আছে।’
ডেমরা ইউনিয়নের অধিবাসী আমির হোসেন বললেন, ‘ইউনিয়নে থাকার সময় যা হইতো, তা-ও বন্ধ। সিটির (সিটি করপোরেশন) কাজ কবে শুরু হইবো জানি না। আমরা এখন না ঘরকা, না ঘাটকা।’