ইউনিলিভারের প্রধান নির্বাহীর ঢাকা ত্যাগ
দুই দিনের সফর শেষে গতকাল শুক্রবার বাংলাদেশ ত্যাগ করেছেন ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল পোলম্যান। এই সফরের সময় পোলম্যান ঢাকা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এ সময় তিনি বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বিভিন্ন বাড়িতে গিয়ে তিনি মানুষের জীবনযাত্রার মান, জীবনধারা ও আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেন। ইউনিলিভারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। ইউনিলিভারের শীর্ষ এই কর্মকর্তা বাংলাদেশের মানুষের আথিতেয়তা, সৃজনশীলতা ও সংগ্রামী মানসিকতায় মুগ্ধ হন। এখানকার ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের প্রসার এবং বেসরকারি খাতের উন্নয়নের প্রশংসা করেন। শিল্পের এই প্রসার এ দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে পলম্যান জানান। তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ-পরবর্তী কর্মকাণ্ড ও পরিবেশের উন্নয়নে ইউনিলিভারের ভূমিকারও প্রশংসা করেন। সামাজিক উন্নয়নে ইউনিলিভার বাংলাদেশ লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল, ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন, পেপসোডেন্ট ডেন্টিবাস এবং স্কুল কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।