ইউনিলিভারের ব্যবসা প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিিলভারের সিইও পোলম্যান
ইউনিিলভারের সিইও পোলম্যান

বিশ্বব্যাপী ইউনিলিভারের ব্যবসা প্রবৃদ্ধিতে বাংলাদেশের বাজার ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বহুজাতিক এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল পোলম্যান।
বিশ্বব্যাপী ইউনিলিভারের বাজার কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসে পোলম্যান এ কথা বলেন। তাঁর মতে, সামাজিক উন্নয়ন ও ব্যবসায়িক প্রবৃদ্ধির মধ্যে কোনো বিরোধ নেই। বরং সামাজিক উন্নয়নই ব্যবসার প্রবৃদ্ধি ঘটায়।
পোলম্যান ২৬ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। এটি ছিল তাঁর দ্বিতীয়বার বাংলাদেশ সফর। সফরকালে তিনি বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়িক নেতা, উন্নয়ন অংশীদার, সরকারি কর্মকর্তা ও ইউনিলিভার বাংলাদেশের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউনিলিভারের দক্ষিণ এশিয়া অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব মেহতা, ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান কামরান বাকারসহ উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
সফরকালে পোলম্যান বলেন, ‘ইউনিলিভারের ব্যবসায়িক কৌশল ও ব্র্যান্ডের সঙ্গে সামাজিক উন্নয়নকে আমরা একীভূত করতে পেরেছি। আর সেটিই ব্যবসার ধারাবাহিক প্রবৃদ্ধির একমাত্র মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ইউনিলিভার অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।’ তিনি বলেন, বাংলাদেশের লাখ লাখ মানুষের কাছে ইউনিলিভারের ব্র্যান্ডগুলো ইতিবাচক প্রভাব রাখতে পেরেছে। টেকসই জীবনমান পরিকল্পনা বাস্তবায়নে ইউনিলিভার বাংলাদেশ তাদের অঙ্গীকার পূরণ করতে পেরেছে। তিনি ইউনিলিভার বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন।
ইউনিলিভার ইংল্যান্ড ও নেদারল্যান্ডসভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি। ইংল্যান্ডের লন্ডন ও নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে যৌথভাবে এটির মূল সদর দপ্তর অবস্থিত। বিশ্বের প্রায় ১৯০টি দেশে এটির ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।