ইউনিলিভারের হেলথ ক্যাম্প শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী কমিউনিটি হেলথ ক্যাম্প গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে মেয়র বলেন, সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এ জন্য দেশের প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রগুলো আবার চালু করার উদ্যোগ নিয়েছে। হেলথ ক্যাম্প আয়োজন করায় ইউনিলিভারের প্রশংসা করেন মেয়র।
ইউনিলিভারের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নই। দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও নিয়োজিত রেখেছি। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মেধা লালন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহসভাপতি এস এম মোর্শেদ হোসেন ও ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাব উদ্দিন ও হামিদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সারুল আলম। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সরোয়ার খান।