ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত বাংলাদেশ
আগামী তিন বছরের (২০১৫-২০১৭) জন্য জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার এ বিষয়ে ভোট নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে বাংলাদেশ নির্বাচিত হয়। নির্বাচনে জয়ের পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেন, ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচনে জাতিসংঘের সদস্য হিসেবে এটা সরকারের শিশু ও নারীদের উন্নয়নের বিষয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বীকৃতি।
স্থায়ী প্রতিনিধি বলেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ শিশু ও নারীদের উন্নয়নে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। এর স্বীকৃতিস্বরূপ সব সদস্য রাষ্ট্র বাংলাদেশকে একবাক্যে সমর্থন দিয়েছে।