ইউনিসেফ বাংলাদেশের শিশু উন্নয়ন ও শিক্ষার হার আরও বাড়ানোর জন্য সর্বাত্মক সহায়তা দেবে। ইউনিসেফের ঢাকাস্থ প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেনটেটিভ) কারেল ডি রয় গতকাল মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এই আশ্বাস দেন। খবর বাসসের। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে ইউনিসেফের প্রতিনিধি দেশে অতিদরিদ্র ইস্যু মোকাবিলায় সরকারের নেওয়া গ্রামীণ উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা—নেট কর্মসূচির প্রশংসা করেন। তিনি দেশে শিক্ষার হার বাড়ানোর পাশাপাশি শিশুদের উন্নয়নে সরকারের আন্তরিক অঙ্গীকার ও প্রচেষ্টারও প্রশংসা করেন। জবাবে শেখ হাসিনা বলেন, শিক্ষা দারিদ্র্য দূরীকরণের প্রধান উপাদান হওয়ায় তাঁর সরকার এর বিস্তারের ওপর গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের (১৯৯৬-২০০১) পাঁচ বছরে দেশের শিক্ষার হার ৪৫ থেকে ৬২ শতাংশে উন্নীত হয়। কিন্তু পরবর্তী সরকারের অবহেলার কারণে এই হার ২০০১ সালের পর কমে যায়। প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বছর মাধ্যমিক স্কুল পর্যন্ত বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে ১৯ কোটি পাঠ্যবই বিতরণ করেছে এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে ২৩ কোটি বই বিতরণ করবে।