ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ
জাতিসংঘের শিশু সহায়তা তহবিল ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী তিন বছরের জন্য বাংলাদেশেকে এই পদে নির্বাচিত করা হয়। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইউনিসেফের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ এই পদে নির্বাচিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন বাংলাদেশেকে ভোট দেওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ নারী ও শিশু বিষয়ে দারুণ অগ্রগতি অর্জন করায় এই অর্জন সম্ভব হলো।
ইউনিসেফের নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ জাতিসংঘের ৪০টিরও বেশি বিভিন্ন কমিটিতে সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করল।