ইউনিয়ন আ.লীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কে দলের মানববন্ধন। বিকেলে উপজেলার বারিউড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে গতকাল ঢাকা-সিলেট মহাসড়কে দলের মানববন্ধন। বিকেলে উপজেলার বারিউড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আহ্বায়ক কমিটির পদবঞ্চিত নেতারা গতকাল সোমবার এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের বারিউড়া বাসস্ট্যান্ডে গতকাল বিকেলে দুই শতাধিক লোক এ মানববন্ধনে অংশ নেন।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ২০১৩ সালের ডিসেম্বর মাসে হামিদুল হককে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের নোয়াগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের কমিটি গঠন করে তৎকালীন উপজেলা আওয়ামী লীগ। কিছুদিন পর এ কমিটি নিষ্ক্রিয় হয়ে যায়। কয়েক মাস আগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে সরাইল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। ওই সভায় জেলা কমিটিকে নোয়াগাঁও ইউনিয়ন শাখা আওয়ামী লীগের কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।
৯ মার্চ হামিদুল হককে আহ্বায়ক এবং শেখ মোসলেহ উদ্দিন, শফিকুল ইসলাম, শামসুল হক ও মো. ইসরাফিলকে যুগ্ম আহ্বায়ক করে ৬০ সদস্যের কমিটি ঘোষণা করেন সাংসদ।
এ কমিটি গঠনের প্রতিবাদে নোয়াগাঁও ইউনিয়ন শাখা কমিটির সভাপতি পদপ্রার্থী সোহেলুর রহমান চৌধুরী ও সম্পাদক পদপ্রার্থী তাজুল ইসলামের নেতৃত্বে গতকাল এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করা হয়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
মানববন্ধনে সোহেলুর রহমান বলেন, যাঁদের কমিটিতে রাখা হয়েছে তাঁরা অধিকাংশ জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা আওয়ামী লীগের লোক নন। এ ছাড়া আহ্বায়ক এলাকায় থাকেন না। অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এ কমিটি তাঁরা মানেন না। এ কমিটি বাতিল করা না হলে পরে মহাসড়ক অবরোধ করা হবে।
তাজুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের মতামত না নিয়েই এ কমিটি করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাজমুল হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের অনুরোধেই জেলা কমিটির সভাপতি এ কমিটি ঘোষণা করেছেন। যাঁরা আন্দোলন করছেন তাঁরা আওয়ামী লীগের কেউ নন। তাঁরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করেছেন।