বিভক্ত ইউনিয়ন ঐক্যবদ্ধ হলেই প্রকৃতপক্ষে প্রয়াত সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেনের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল সোমবার বিএফইউজে ও ডিইউজের উভয় অংশ এবং জাতীয় প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত প্রয়াত সাংবাদিক নির্মল সেনের স্মরণসভায় তাঁরা এসব কথা বলেন। খবর বাসসের।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে এ স্মরণসভায় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, নির্মল সেন সাংবাদিকদের জন্য লড়াই করেছেন। মূসা সাংবাদিকদের দুটি ইউনিয়নকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ইউনিয়ন ঐক্যবদ্ধ না হলে সাংবাদিক সমাজ দাঁড়াতে পারবে না।’কামাল লোহানী বলেন, অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। ইউনিয়নের মধ্যে অনৈক্যের কারণে নিহত সাংবাদিকদের পরিবারের খোঁজখবর নেওয়া হয় না।রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ১৯৭১ সালের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নির্মল সেনের নেতৃত্বে ডিইউজে গঠিত হয়। সাংবাদিকতায় তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন। সাংবাদিকতার আজকের যে ভিত্তি, তা দাঁড় করিয়েছেন নির্মল সেন।স্মরণসভায় আরও বক্তব্য দেন: সাংবাদিক সালেহ চৌধুরী, আমানুল্ল্লাহ কবীর, মাহফুজউল্ল্লাহ, কার্তিক চ্যাটার্জি, মনজুরুল আহসান বুলবুল, এম এ আজিজ, রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, সৈয়দ আবদাল আহমেদ, এলাহী নেওয়াজ খান প্রমুখ।