ইউনিয়ন কমিটির কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে অতীতে ছাত্রশিবিরের রাজনীতি করার অভিযোগ উঠেছে। ফলে ইউনিয়ন কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আর এ অভিযোগ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।
২০১৫ সালের ৩০ অক্টোবর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নে ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে কামরুল ইসলামকে সভাপতি নির্বাচিত করা হয়। ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করেন, ২০০৫ সালের ১ জানুয়ারি কামরুল ইসলামী ছাত্রশিবিরের সদস্য ফরম পূরণ করে সংগঠনটির রাজনীতিতে যুক্ত হন। ওই বছর মার্চে তিনি ছাত্রশিবিরের ভান্ডারিয়া সরকারি কলেজ কমিটির সভাপতি হন। ২০০৭ সালে তাঁকে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন কমিটির সভাপতি করা হয়।
ছাত্রশিবিরের ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি মো. আবু ইউসুফ ও সাধারণ সম্পাদক মো. জমিন উদ্দিন খান এ কমিটি অনুমোদন করেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।
কামরুল ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে তিনি নদমুলা শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে সভাপতি নির্বাচিত হন। ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মির্জা হাসান সভাপতি পদে তাঁর সঙ্গে হেরে গিয়ে এখন অপপ্রচার চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে দেখানো কাগজ ভুয়া।
ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় গতকাল রোববার ওই কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অভিযোগ তদন্ত করতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মল্লিককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিৎ হালদার বলেন, ২০০৮ সাল থেকে তিনি কামরুলকে চেনেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।