ইউনিয়ন করতে মালিকদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানায় শ্রমিক ইউনিয়ন বা শ্রম সংঘ করতে বাধা দিচ্ছেন মালিকেরা। শ্রমিক ইউনিয়ন করতে গেলেই নির্যাতন ও চাকরিচ্যুতি। অনেক পোশাকমালিকই চান না, তাঁর কারখানায় ইউনিয়ন হোক। সে জন্যই শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু করলে তা ঠেকাতে নানা কৌশল নেওয়া হচ্ছে।
সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাস ১৯টি কারখানায় শ্রমিক ইউনিয়ন করতে গিয়ে শ্রমিকেরা নির্যাতন, চাকরিচ্যুতি, মামলাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ-সংবলিত একটি প্রতিবেদন শ্রম মন্ত্রণালয়ে পাঠিয়েছে। বলা হয়েছে, এসব কারখানায় ট্রেড ইউনিয়ন করতে বাধা দিচ্ছেন পোশাকমালিকেরা। ভাড়া করা সন্ত্রাসীর মাধ্যমে চাপ দিয়ে তাঁদের চাকরি ছাড়তে বাধ্য করা হচ্ছে।
শ্রম আইনে বলা হয়েছে, ইউনিয়নের নিবন্ধন পেতে হলে সংশ্লিষ্ট কারখানার ৩০ ভাগ শ্রমিকের সমর্থন পেতে হবে। কিন্তু নিয়োগকারী প্রতিষ্ঠানের হুমকি এবং ভীতি প্রদর্শনের ফলে বর্তমানে এই সমর্থন পাওয়া কঠিন হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকনেতারা।
বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘তৈরি পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করতে বাধা দেওয়ার বিষয়টি পুরোপুরি ঠিক নয়। মালিক-শ্রমিক উভয়েরই দোষ আছে। এখন যাঁরা শ্রমিকনেতা আছেন, অনেকেই নতুন। আমরা চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার।’
তবে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসছে শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আবার কাল বৃহস্পতিবার পোশাকশিল্প-সংক্রান্ত সচিব কমিটির সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ রাষ্ট্রদূত।
মার্কিন দূতাবাসের পাঠানো প্রতিবেদনে যেসব কারখানার কথা উল্লেখ করা হয়েছে তা হলো উত্তরার বেসিক অ্যাপারেলস, গাজীপুরের ওয়েল টেক্স, ঈগল আইস ডিজাইন, রোমানা ফ্যাশন, টঙ্গীর ম্যাসকো ইন্ডাস্ট্রিজ, রামপুরার সাদিয়া গার্মেন্টস, দি ফ্যাশন লিমিটেড, চট্টগ্রামের গ্লোবাল ট্রাউজার্স ম্যানেজমেন্ট, মিরপুরের তাংহাই সোয়েটার, ভিশন অ্যাপারেলস, ডরিন ওয়াশিং প্লান্ট, বারিধারার নরওয়েস্ট ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জের শোয়েব নিট কম্পোজিট, রেডিক্যাল ডিজাইন, সাভারের ভবস অ্যাপারেলস, সামিয়া গার্মেন্টস, চট্টগ্রামের ডায়মন্ড ফ্যাশন, ফ্যাশন গিয়ার লিমিটেড এবং ইভ গার্মেন্ট লিমিটেড।
এসব বিষয়ে শ্রমসচিব মিকাইল শিপার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে কিছু কারখানার মালিকদের বিরুদ্ধে মামলা করেছি। এসব কারখানার মালিকদের ডাকা হবে এবং পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত।’
দীর্ঘদিন ধরেই শ্রমিকদের স্বার্থরক্ষায় পোশাকশিল্পে ইউনিয়ন গঠন করতে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মহল। তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজার দুর্ঘটনার পর এটি আবার আলোচনায় আসে। এদিকে, জিএসপিসুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্র গত জুনে বাংলাদেশকে দেওয়া রূপরেখায় কারখানার কর্মপরিবেশ উন্নতির পাশাপাশি ট্রেড ইউনিয়ন গঠনে জোর দেয়। এরপর শ্রম আইনেরও এ-সংক্রান্ত সংশোধন আনা হয়েছে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে জানান, শ্রমিকদের ওপর একধরনের অদৃশ্য চাপ রয়েই গেছে।
পোশাকশ্রমিক মজিবুর ও লিপি প্রথম আলোকে জানান, তাঁরা ওয়েল টেক্স কারখানায় শ্রমিক ইউনিয়ন করতে চেয়েছিলেন। এই অভিযোগে মৌখিকভাবে তাঁদের চাকরিচ্যুত করা হয়েছে।
চট্টগ্রামের গ্লোবাল ট্রাউজারের শ্রমিকেরা যাতে ইউনিয়ন করতে না পারেন, সে জন্য হাইকোর্ট থেকে তিন মাসের নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। পরে সেটি আবার ছয় মাস বাড়ানো হয়েছে। এটি সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল আজিমের মালিকানাধীন কারখানা।
সাদিয়া গার্মেন্টসের মালিকপক্ষ নিজেদের পছন্দের লোকজন দিয়ে নতুন ইউনিয়ন গঠনের কৌশল নিয়েছে। নিবন্ধনের জন্য আবেদনও করা হয়েছে। আর আগে ইউনিয়ন করতে চাওয়া শ্রমিকদের জোর করে স্বাক্ষর নিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়া বেসিক অ্যাপারেলস, মাসকো, ঈগল আইস ডিজাইন ও রুমানা ফ্যাশনে (ইস্ট ওয়েস্ট গ্রুপ) ইউনিয়ন করতে শ্রমিকেরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করা হয়। আবদুল্লাহপুরের বেসিক অ্যাপারেলসের শ্রমিকেরা ট্রেড ইউনিয়ন করার জন্য গত ২৯ সেপ্টেম্বর যুগ্ম শ্রম পরিচালক বরাবর আবেদন করেন। এটি বিবেচনাধীন থাকা অবস্থায় ৬ অক্টোবর ইউনিয়নের সভাপতি মো. কাসেম, যোগাযোগ সম্পদক, কার্যকরী সদস্যসহ ৭৮ জনকে মৌখিকভাবে চাকরিচ্যুত করে মালিকপক্ষ। এখন পর্যন্ত তাঁরা কাজে যোগ দিতে পারেননি।
একইভাবে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের শোয়েব নিট কম্পোজিটের ৪৪, গাজীপুরের পাইলের ডরিন ওয়াশিং প্লান্টের ১৪, সাভার হেমায়েতপুরের ভবস্ অ্যাপারেলসের পাঁচ ও ফ্যাশন টেক্স নিটওয়্যারের এক এবং বারিধারার নরওয়েস্ট ইন্ডাস্ট্রিজের চার শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এমন অভিযোগই প্রতিষ্ঠানগুলোর ইউনিয়ন নেতাদের।