ইউনিয়ন তথ্য কেন্দ্রে ঢুকে এক ব্যক্তিকে পিটুনি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে (ইউআইএসসি) ঢুকে এক ব্যক্তিকে পিটিয়েছে সন্ত্রাসীরা।
আহত ব্যক্তির নাম মোর্শেদ হোসেন। তিনি ঠাকুরগাঁও জেলা এবং পীরগঞ্জ উপজেলার উদ্যোক্তা ফোরামের সভাপতি। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হামলার ঘটনায় মোর্শেদ আংরাহাট গ্রামের মৃত ফাইলতের ছেলে মো. আবদুল ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সেবাকেন্দ্রে কাজ করার সময় অভিযুক্তরা সেখানে ঢুকে অতর্কিতে মোর্শেদ হোসেনকে রড ও লাঠি দিয়ে পেটায়। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় সন্ত্রাসীরা কেন্দ্রের যন্ত্রপাতিও ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোর্শেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিটলার হক জানান, অভিযুক্তরা ঘটনাটি মীমাংসার জন্য তাঁকে অনুরোধ করছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতেশাম প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।